চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের একটি ৫৭ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটের দিকে ভিডিওটি ফেসবুকে প্রকাশ্যে আসে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমান তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘শেখের বেটি আইতাছে, বীর চট্টলা শেখ হাসিনাময়।’
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবিসংবলিত একটি ব্যানার নিয়ে অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল করছেন। ভিডিওতে মিছিলের সময়সীমা ৫৭ সেকেন্ড এবং প্রকাশের তারিখ হিসেবে ‘২৭ আগস্ট, ২০২৬’ উল্লেখ রয়েছে।
মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জঙ্গিবাদের আস্তানা পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও’ এবং ‘আইতাছে রে আইতাছে, শেখ হাসিনা আইতাছে’—এ ধরনের স্লোগান শোনা যায়।
স্থানীয় সূত্রের দাবি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমানের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। আনোয়ারা উপজেলার চট্টগ্রাম-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) প্রধান সড়কের কালাবিবির দিঘীর মোড়সংলগ্ন এলাকায় ঝটিকা আকারে মিছিলটি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
সূত্র জানায়, ব্যানার নিয়ে কয়েক গজ হেঁটে স্লোগান দেওয়ার পর মিছিলকারীরা দ্রুত বিভিন্ন দিকে সরে যান।
মিছিলের বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বিভিন্ন মাধ্যমে বিষয়টি পুলিশের নজরে এসেছে। তবে মিছিলটি ঠিক কতক্ষণ আগে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতেও পুলিশ তথ্য সংগ্রহ করছে।