দেশে কোনো মাজার, পীরের তরিকা কিংবা ধর্মীয় স্থানে ভাঙচুর করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বুধবার (২৬ আগস্ট) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামা’য়াত আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকব না। দেশে কোনো মাজার, পীরের তরিকা বা ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না।
তিনি দাবি করেন, গত অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের ১২৭টি মাজার ধ্বংসের চেষ্টা করা হয়েছিল এবং কিছু মাজার বন্ধ করে দেওয়ারও চেষ্টা করা হয়। এ সময় একজন মুসলমান আরেকজন মুসলমান মাজারের খাদেমকে পুড়িয়ে হত্যা করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
ফরহাদ হোসেন আজাদ বলেন, ভবিষ্যতে কোনো মাজার ধ্বংসের চেষ্টা হলে তারা আর ঘরে বসে থাকবেন না।
ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, হযরত মুহাম্মদ (সা.) মানুষের জন্য দিকনির্দেশনা নিয়ে পৃথিবীতে এসেছিলেন। তার দেখানো পথ ও আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, রাসুল (সা.)-এর নবুয়তি জীবন, নীতি ও আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। মদিনায় ব্যবসায়ীদের সম্পদ চুরির ঘটনায় রাসুল (সা.) ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিলেন বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম। বক্তব্য দেন সংগঠনটির উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের প্রধান গোলাম মাহবুব জিহাদি।
এ ছাড়া অনুষ্ঠানে পঞ্চগড় ও দেবীগঞ্জ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের নেতাকর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা জশনে জুলুসে অংশ নেন। পরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় আলোচনা ও অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়।