পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় ধর্মপ্রাণ মানুষের ব্যাপক উপস্থিতিতে রাজধানীর বিভিন্ন সড়কে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সাদা পোশাক ও টুপি পরা মানুষের পাশাপাশি শোভাযাত্রায় দেখা যায় কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, রঙিন ফেস্টুন ও জাতীয় পতাকা। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার উদ্যোগে আয়োজিত জশনে জুলুসে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।
ভোর হওয়ার আগেই দেশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ সুফিবাদী মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে পুরো উদ্যান বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম গেট থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয় সড়ক প্রদক্ষিণ করে আবার সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ।
শোভাযাত্রার সামনে থাকা বিশাল ব্যানারে লেখা ছিল ‘ইয়া নবী সালামু আলাইকা’ ও ‘ইয়া রাসূল সালামু আলাইকা’। অংশগ্রহণকারীদের হাতে ছিল কালেমা খচিত পতাকা, বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন। অনেকেই বিশাল জাতীয় পতাকা বহন করে এতে অংশ নেন।
অংশগ্রহণকারীদের বেশিরভাগের পরনে ছিল সাদা টি-শার্ট ও মাথায় সাদা ক্যাপ। পুরো শোভাযাত্রাজুড়ে ধর্মীয় স্লোগানে মুখর ছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো। ‘নারায়ে তাকবীর’ ও ‘নারায়ে রিসালাত’সহ বিভিন্ন স্লোগানে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এই বর্ণাঢ্য জশনে জুলুসকে ঘিরে রাজধানীতে দিনভর ছিল ধর্মীয় আবহ ও মানুষের ব্যাপক সমাগম।