রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছেন। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
বুধবার (২৬ আগস্ট) ভোরে যাত্রাবাড়ীর চট্টগ্রাম হাইওয়ে বাসপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম হাইওয়ে বাসপট্টি এলাকা থেকে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।
নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এ জন্য ফিঙ্গারপ্রিন্ট ও প্রযুক্তিগত সহায়তায় পরিচয় শনাক্ত করতে সিআইডির ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে।
এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
পুলিশ দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা করছে।