হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স (O&M) কার্যক্রম পরিচালনার জন্য জাপানি প্রতিষ্ঠান Sub Working Group প্রস্তাব দাখিল করেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ২টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ প্রস্তাব জমা দেওয়া হয়।
জাপানি প্রতিষ্ঠানটির প্রতিনিধি মাসাহিরু হিরাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে প্রস্তাবসংবলিত নথিপত্র হস্তান্তর করেন। এ সময় বেবিচকের অন্যান্য সদস্য ও জাপানি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বেবিচক জানায়, জাপানি প্রতিষ্ঠানটি পৃথকভাবে কারিগরি (Technical) ও আর্থিক (Financial) প্রস্তাব জমা দিয়েছে। এসব প্রস্তাব নির্ধারিত প্রক্রিয়ায় মূল্যায়ন করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত RFP Evaluation Committee।
মূল্যায়ন কমিটিতে বেবিচক, অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।
প্রস্তাব মূল্যায়নের ক্ষেত্রে প্রথমে কারিগরি প্রস্তাব যাচাই করা হবে। এরপর আর্থিক প্রস্তাব মূল্যায়ন করা হবে। মূল্যায়ন শেষে প্রয়োজনীয় আলোচনা ও সমঝোতা (Negotiation) সম্পন্ন করা হবে।
আলোচনা ও সমঝোতা সফলভাবে শেষ হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে চুক্তি স্বাক্ষরের তারিখ চূড়ান্ত করা হবে।
বেবিচক জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দেশের বিমান খাতের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের যাত্রীসেবা এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের এভিয়েশন খাতকে আরও শক্তিশালী করতে টার্মিনালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিলের মাধ্যমে তৃতীয় টার্মিনালের অপারেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার প্রক্রিয়ায় আরও এক ধাপ অগ্রগতি হলো।