রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় দিনদুপুরে এক নারীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীর কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় দুই যুবক। পুরো ঘটনার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফায়দাবাদের একটি গলিতে দুই যুবক বেশ কিছুক্ষণ ধরে অবস্থান করছিল। ওই পথ দিয়ে একাধিক নারীসহ পথচারীরা যাতায়াত করছিলেন। একপর্যায়ে এক নারী মোবাইল ফোনে কথা বলতে বলতে ওই দুই যুবকের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একজন তার হাত থেকে টান মেরে মোবাইল ফোনটি কেড়ে নেয়।
মোবাইল হারিয়ে ওই নারী চিৎকার শুরু করলে ছিনতাইকারীর সঙ্গে থাকা আরেক যুবক ধারালো অস্ত্র হাতে তার দিকে তেড়ে আসে। এতে আতঙ্কিত হয়ে পড়েন ওই নারী।
এরপর দুই ছিনতাইকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর ওই নারীকে বলতে শোনা যায়, ছিনতাইকারীরা তার মোবাইল ফোন নিয়ে গেছে।
ঘটনার সিসিটিভি ফুটেজে ছিনতাইয়ের পুরো দৃশ্য ধরা পড়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় কোনো অভিযোগ করেছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় জনবহুল এলাকায় এ ধরনের ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।