ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হওয়ার আগে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার আওতাধীন এলাকার সীমানাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-
ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত এলাকা; বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত; পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন ২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকা।
এ ছাড়া রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
এই সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিপথেও নিষেধাজ্ঞা কার্যকর হবে।
আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। সংসদ অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সভা-সমাবেশ ও অন্যান্য নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।