নওগাঁয় একটি স্বর্ণ ডাকাতির মামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ঢাকার কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (চৌকিদার) মো. সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২০ আগস্ট আগানগর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁয় সংঘটিত একটি স্বর্ণ ডাকাতির ঘটনায় সাইদুল ইসলাম একটি ডাকাত চক্রের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার পর কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে নওগাঁ জেলা ডিবির একটি দল।
নওগাঁ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মিজান বলেন, নওগাঁর একটি ডাকাতি মামলায় সাইদুলের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে নওগাঁয় নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মামলাটির তদন্ত চলছে। ডাকাতির ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে গ্রাম পুলিশ সাইদুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আগানগর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মো. তাইবুর রহমান বলেন, নওগাঁ জেলা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, সাইদুলের বিরুদ্ধে ডাকাতি বা অন্য কোনো গুরুতর অপরাধের অভিযোগের সত্যতা পাওয়া গেলে গ্রাম পুলিশ হিসেবে প্রচলিত চাকরির বিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে সাইদুল ইসলাম প্রকৃতপক্ষে ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ।