দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের অনৈতিক বা অপকর্মে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত

2026-08-24T18:56:50+00:00
2026-08-24T18:56:50+00:00
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
রাজনীতি
দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:৫৬ পিএম 
সাংবাদিকদের মুখোমুখি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের অনৈতিক বা অপকর্মে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়েছেন। এখন তার প্রধান দায়িত্ব হলো দলকে সুশৃঙ্খল ও সুসমন্বিতভাবে পরিচালনা করা। চেয়ারম্যানের নির্দেশিত সাংগঠনিক কার্যক্রমগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে কাজ করবেন তিনি।

তিনি বলেন, বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনস্বার্থ, মানবকল্যাণ, সামাজিক সুরক্ষা ও কাঠামোগত উন্নয়নে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে, সেগুলো যথাযথভাবে বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা দেশের নেতাকর্মীদের মধ্যে দু-একজন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। তাদের উদ্দেশে তিনি বলেন, কেউ দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়াবেন না। ৫ আগস্টের পর দলের নাম ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিএনপি চেয়ারম্যান শক্ত পদক্ষেপ নিয়েছেন।

তিনি নেতাকর্মীদের গঠনমূলক কাজে যুক্ত থেকে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

রিজভী আরও বলেন, বিএনপি জনস্বার্থের বাইরে কোনো কাজ করবে না। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জনকল্যাণ, নারীর ক্ষমতায়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করেছেন। এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতায় তারেক রহমানও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন।

তিনি বলেন, দলের নেতাকর্মীদের এসব কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করতে হবে এবং জনগণের কাছে সরকারের কার্যক্রম তুলে ধরতে হবে। এতে বিএনপির জনপ্রিয়তা আরও বাড়বে।

বিএনপিকে ঘিরে নানা ষড়যন্ত্র হচ্ছে দাবি করে রিজভী বলেন, হাজারো ষড়যন্ত্র হলেও বিএনপি সেগুলো মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। নেতাকর্মীরা জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ থাকবে না।

এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। রিজভী জানান, স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় নেতারা দলীয় প্রার্থী বাছাই করবেন। দলীয় প্রতীক না থাকলেও বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে দুপুর ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান রিজভী। পরে তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: