রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এর আশপাশের এলাকায় মাদকদ্রব্যের বেচাকেনা ও সেবনের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়তুল্লাহ। তিনি বলেছেন, অনেক সময় ঢাকা মেডিকেল এলাকার আশপাশকে ‘গাঁজাখোর জোন’ বলে মনে হয়।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আনন্দবাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহবাগ থানা শাখার তৃণমূল দায়িত্বশীল নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কে এম শরীয়তুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী নেশা ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলছেন। অথচ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় মাদক কারবারিদের আস্থার জায়গা তৈরি হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ দেশের মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল। সারাদেশ থেকে মানুষ উন্নত চিকিৎসার জন্য এখানে আসেন।
তিনি অভিযোগ করেন, ঢাকা মেডিকেল এলাকা ও এর আশপাশে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন এবং কেনাবেচার অভিযোগ রয়েছে। কর্তৃপক্ষ এসব বিষয় দেখেও ব্যবস্থা নিচ্ছে কি না, এ প্রশ্নও তোলেন তিনি।
দেশের চিকিৎসাব্যবস্থার উন্নয়নেও জোর দেন ইসলামী আন্দোলনের এই নেতা। তিনি বলেন, শুধু ঢাকা মেডিকেল কলেজ নয়, দেশের প্রতিটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালকে আধুনিক ও মানসম্মত করতে হবে।
বাংলাদেশের মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে এটিকে হতাশাজনক উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা জরুরি। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিকল্প নেই।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহবাগ থানা সভাপতি হাজি আবদুর রহমান। থানা সেক্রেটারি হাজি কামরুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন।
এ সময় শাহবাগ থানাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।