গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং শ্রমিকরা কর্মসংস্থান হারাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদার।
রবিবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের জরুরি সভায় তিনি এসব কথা বলেন।
রুহুল আমিন হাওলাদার বলেন, গ্যাস সংকটের কারণে অনেক শিল্পকারখানা স্বাভাবিক উৎপাদন চালাতে পারছে না। কোথাও উৎপাদন কমে গেছে, আবার কোথাও কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কারখানা বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন শ্রমিকরা। তাঁরা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়ছেন। এর সরাসরি প্রভাব পড়ছে তাঁদের পরিবারেও।
তিনি বলেন, গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ সংকটও শিল্প ও ব্যবসা-বাণিজ্যের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না গেলে উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব নয়। উৎপাদন ব্যাহত হলে একদিকে উদ্যোক্তারা আর্থিক ক্ষতির মুখে পড়েন, অন্যদিকে বাজারে পণ্যের সরবরাহ কমে গিয়ে সাধারণ মানুষের ওপরও এর চাপ পড়ে।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, এই সংকটকে ছোট করে দেখার সুযোগ নেই। একটি শিল্পকারখানা বন্ধ হওয়ার সঙ্গে শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়, হাজার হাজার শ্রমিকের জীবিকা, তাঁদের পরিবারের ভবিষ্যৎ এবং দেশের সামগ্রিক অর্থনীতি জড়িত।
তিনি বলেন, সরকারকে দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
জরুরি সভায় জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য জসিম উদ্দিন ভূঁইয়া, সরদার মো. শাহজাহানসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মুখপাত্র সুনীল শুভ রায়
এদিকে বিশিষ্ট সাংবাদিক, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক সুনীল শুভ রায়কে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদার তাঁকে দলের কো-চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে নিয়োগ দেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর সুনীল শুভ রায় দলীয় কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।