চট্টগ্রাম নগরের চেরাগি মোড় এলাকায় অপরিচ্ছন্ন রান্নাঘর, তেলাপোকার উপদ্রব ও অনিরাপদভাবে খাবার প্রস্তুতের অভিযোগে চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে নগরের চেরাগি মোড়ের ওই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
অভিযানকালে রেস্তোরাঁটির রান্নাঘরে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখতে পান কর্মকর্তারা। সেখানে বিভিন্ন আকার ও বয়সের অসংখ্য তেলাপোকার উপস্থিতিও পাওয়া যায়। এছাড়া খাবার তৈরিতে খোলা অবস্থায় লবণ ব্যবহারের প্রমাণ মেলে।
অভিযান শেষে উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, এর আগেও একই রেস্তোরাঁর মালিককে তিনবার জরিমানা করা হয়েছিল। কিন্তু এরপরও পরিবেশের উন্নতি হয়নি। চরম অবহেলার কারণে রান্নাঘরে ময়লা-আবর্জনার স্তূপ জমেছে।
তিনি বলেন, এমন নোংরা পরিবেশে মানুষের খাবার প্রস্তুত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এবার রেস্তোরাঁটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় রেস্তোরাঁ মালিক ভবিষ্যতে পরিবেশ উন্নয়নের বিষয়ে মুচলেকা দেন। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে রান্নাঘরের পরিবেশ স্বাস্থ্যসম্মত ও নিরাপদ করার এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।