ময়মনসিংহে দুই প্রাণী চিকিৎসকের ওপর হামলা ও তাদের চেম্বারে ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
রবিবার (২৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাণী চিকিৎসকদের ওপর হামলা ও চিকিৎসাসেবা বাধাগ্রস্ত করার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী বুরহান উদ্দিন সিয়াম বলেন, একজন প্রাণী চিকিৎসকের ওপর যেভাবে অতর্কিত হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, ডা. মো. আব্দুল হান্নান ও ডা. মো. আশিকুর রহমান শারীরিক হামলার শিকার হয়েছেন। ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, প্রাণী চিকিৎসকদের সেবাকে অগ্রাহ্য করে তাদের ওপর হামলা এবং চেম্বারে ভাঙচুর অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এ ঘটনায় তিনি ব্যক্তিগতভাবে এবং একজন ভেটেরিনারিয়ান হিসেবে ব্যথিত ও মর্মাহত।
তিনি বলেন, বর্তমানে দেশে অনেক মানুষ পোষা প্রাণী পালন করেন এবং এসব প্রাণী পরিবারের সদস্যের মতো হয়ে উঠেছে। ফলে প্রাণী চিকিৎসকদের নিরাপদ পরিবেশে চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ নিশ্চিত করা জরুরি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ উদ্দিন ভুঁঞা, অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম, অধ্যাপক ড. জয়ন্ত ভট্টাচার্য, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. বাবুল চন্দ্র রায়, ড. অনিতা রানী দে, সহযোগী অধ্যাপক ড. শারমিন শহীদ লাবনী, ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইকরামুল হকসহ ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।