চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের তৈরি গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি ফর্মুলা স্টুডেন্ট চায়না (FSAE China) ২০২৭ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে শিক্ষার্থীদের চলমান ফর্মুলা কার প্রকল্পের কার্যক্রমও তুলে ধরা হয়।
শনিবার (২২ আগস্ট) চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে এসব প্রকল্পের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু।
প্রদর্শনীতে শিক্ষার্থীদের উদ্ভাবিত গো কার্ট ও মার্স রোভারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে ফর্মুলা কার প্রকল্পের নকশা, নির্মাণকাজ ও প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতির বিষয়েও অতিথিদের অবহিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) ও তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
এ ছাড়া ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক অধ্যাপক ড. মো. আবু মোয়াজ্জেম হোসাইন, টিম ব্লিটজারের অ্যাডভাইজর ও যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. আফনান হাসান, মডারেটর ও যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল রিফাত এবং টিম ব্লিটজারের লিডারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী রুবাইয়াত তাসনিম সিমি।
এর আগে চুয়েটের সিন্ডিকেট কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ইসরাফিল খসরুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এদিকে, FSAE China ২০২৭ প্রতিযোগিতাকে সামনে রেখে শিক্ষার্থীদের ফর্মুলা কার প্রকল্পের সার্বিক কার্যক্রমও অতিথিদের সামনে উপস্থাপন করা হয়। শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর এসব উদ্যোগ ও উদ্ভাবনী কার্যক্রম দেখে অতিথিরা সন্তোষ প্রকাশ করেন।
পাশাপাশি শিক্ষার্থীদের এমন উদ্ভাবনী উদ্যোগে পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন ইসরাফিল খসরু।