২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে ঢাকা ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড। সোমবার (১৯ অক্টোবর) বোর্ড দুটির পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে মাসিক অর্থসহ বইপত্র ও প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য বার্ষিক এককালীন অনুদান পাবে।
বোর্ডের প্রকাশিত শর্ত অনুযায়ী, মেধাবৃত্তি পাওয়া প্রত্যেক শিক্ষার্থী মাসে ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মাসে ৩৫০ টাকা করে পাবে। এ ছাড়া বইপত্র ও যন্ত্রপাতি কেনার জন্য মেধাবৃত্তিপ্রাপ্তরা বছরে এককালীন ৯০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ৪৫০ টাকা পাবে।
বৃত্তি পাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের সদাচরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক পড়াশোনার অগ্রগতি বজায় রাখতে হবে। উচ্চ শ্রেণিতে পড়ার জন্য অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি না হলে বৃত্তি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না।
বৃত্তির অর্থ উত্তোলনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের নাম গেজেটে উল্লেখ থাকবে। তবে ভর্তিকৃত প্রতিষ্ঠান থেকে বিধি অনুযায়ী বৃত্তির অর্থ তুলতে অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।
শিক্ষা বোর্ডের শর্তে আরও বলা হয়েছে, দেশের ভেতরে সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানেই বৃত্তি কার্যকর হবে। অনুমোদনহীন প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির সুবিধা পাবে না। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে সরকারি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান মাসিক বেতনও নিতে পারবে না। বেতন দাবি করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
বৃত্তির সংখ্যা, হার ও মেয়াদ প্রয়োজন অনুযায়ী পরিবর্তন বা বাতিল করার ক্ষমতা সরকারের রয়েছে বলেও শর্তে উল্লেখ করা হয়েছে।
বৃত্তিপ্রাপ্তদের তালিকা দেখুন:
ঢাকা শিক্ষা বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা (PDF)
https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Nahid/1792402812_19b2c34ad8f0ff30f0a0.pdf
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা (PDF)
https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Nahid/792403463_21cb676482a4c4c1a2ad.pdf