সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তার চিকিৎসা দেওয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার রাজশাহীর বাগমারা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন চেসি ত্রিপুরা। দুর্ঘটনার পর তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে স্থানান্তর করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তার মাথার ডান পাশে গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, আমাদের মাইক্রোবায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের এই শিক্ষার্থী গতকাল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং খুলির হাড় ফেটে গেছে। চিকিৎসকেরা নিউরোসার্জারির পরামর্শ দিয়েছেন। তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল এবং ভেন্টিলেশনে রাখা হয়েছিল।
উপাচার্য আরও বলেন, চিকিৎসকেরা যথাসাধ্য চেষ্টা করার পর মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন। চেসি ত্রিপুরাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে রেফার করা হয়েছে। হাসপাতালটির পরিচালকের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন যোগাযোগ করেছে। সেখানে তার জন্য একটি আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে এবং পৌঁছানোর পরপরই চিকিৎসা শুরু হবে। প্রয়োজনীয় কাগজপত্রও আগেই পাঠানো হয়েছে।
শিক্ষার্থীর পাশে থাকার বিষয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের পাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বান্দরবান থেকে পড়াশোনা করতে আসা এই শিক্ষার্থীর অভিভাবক হিসেবে প্রশাসন তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব অনুভব করছে।
চেসি ত্রিপুরার দ্রুত সুস্থতা কামনা করে উপাচার্য দেশবাসীর কাছে তার জন্য প্রার্থনার আহ্বান জানান। তিনি বলেন, সবাই যেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন, যাতে চেসি দ্রুত সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসতে পারে।