কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) আয়োজিত বৃত্তি কর্মসূচিতে মর্যাদাপূর্ণ সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি পেয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) চার শিক্ষার্থী।
কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে এবার মোট পাঁচজন শিক্ষার্থী কোইকা বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনই বিএমইউর শিক্ষার্থী। বৃত্তির আওতায় তাঁরা দক্ষিণ কোরিয়ার চাংওন ন্যাশনাল ইউনিভার্সিটিতে নেভাল আর্কিটেকচার বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবেন।
বৃত্তিপ্রাপ্ত বিএমইউর চার শিক্ষার্থী হলেন, তনয় চন্দ্র ভৌমিক, মো. মাইনুল ইসলাম, সঙ্গীতা দাস ও অয়ন পাল।
সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার সুযোগ পাবেন। নেভাল আর্কিটেকচার বিষয়ে তাঁদের এই উচ্চশিক্ষা ভবিষ্যতে দেশের সামুদ্রিক ও জাহাজ নির্মাণ খাতে দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। চার শিক্ষার্থীর সাফল্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি পরিবার তাঁদের অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেছে।
কঠোর প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে আন্তর্জাতিক এই বৃত্তি অর্জন বিএমইউর শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা ও মেধার স্বীকৃতি হিসেবেও বিবেচিত হচ্ছে।