অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর ২১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এএইউবির ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তাফিজুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি)।
সভায় সভাপতির বক্তব্যে এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, অ্যাভিয়েশন প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, মহাকাশ গবেষণা এবং স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা প্রযুক্তি শুধু উন্নত বিশ্বের বিষয় নয়; বরং এগুলো একটি দেশের ভবিষ্যৎ সক্ষমতা ও মর্যাদার গুরুত্বপূর্ণ নিয়ামক।
তিনি বলেন, দেশের বিদ্যমান অবকাঠামো ও অর্থনৈতিক সক্ষমতার আলোকে অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে আধুনিক প্রযুক্তিগত সক্ষমতা অর্জন, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয়টিকে একটি উৎকৃষ্ট ও অনুকরণীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করাই এএইউবির অন্যতম লক্ষ্য।
গবেষণা ও শিল্প খাতের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে ভাইস চ্যান্সেলর বলেন, কার্যকর অংশীদারত্ব একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ের অন্যতম ভিত্তি। এ লক্ষ্যে গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘Collaborative Research with Universities, Industries and Entities: Prospects, Challenges and Ways Out’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা গবেষণা খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
সভায় ২০তম সিন্ডিকেট সভার পরবর্তী সময়ে বাস্তবায়িত বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সংক্ষিপ্তসার সদস্যদের অবহিত করেন ভাইস চ্যান্সেলর।
২১তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সদস্যদের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান বাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতিনিধি ও সম্মানিত সদস্যরা অংশ নেন।
সভায় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তিগত সক্ষমতা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।