ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আরমানিটোলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (২২ আগস্ট) গভীর রাতে শুরু হওয়া এ অভিযানে প্রায় ২৪ হাজার ২০০ কেজি পলিথিন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬৩ লাখ টাকা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টা থেকে শবিবার সকাল ৭টা পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আরমানিটোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলা। অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি নির্মাণাধীন ভবনে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে ভবনটি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনের সন্ধান মেলে। পরে ২৪ হাজার ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, অভিযানের সময় জব্দ করা পলিথিনের প্রকৃত মালিককে পাওয়া যায়নি। এ কারণে ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা পলিথিনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।