রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে ইচিগো রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক বি এম রুহুল আমিন রিমনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া কোনো ধরনের লেবেল ছাড়াই চাওমিনের হাফ-বয়েলড নুডুলসসহ বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণ করতে দেখা যায়।
অভিযানকারীরা আরও দেখতে পান, রেস্টুরেন্টে মজুদ করা বিদেশি খাদ্যপণ্যের মোড়কে আমদানিকারকের প্রয়োজনীয় তথ্য নেই। পাশাপাশি কর্তৃপক্ষ ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও রেস্তোরাঁ নিবন্ধন সনদও প্রদর্শন করতে পারেনি।
এসব অনিয়মের বিষয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দোষ স্বীকার করলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বি এম রুহুল আমিন রিমন বলেন, খাদ্য ব্যবসায়ীদের খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে নিরাপদ খাদ্যবিষয়ক বিধিবিধান ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাদ্যপণ্যে সঠিক লেবেলিং এবং আমদানিকৃত পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম মেনে নেওয়া হবে না। ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়াসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা অংশ নেন।