রাজধানীর বংশালের মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সাতটি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ২ মিনিটে বংশালের মুকিমবাজারে হেলমেটের একটি গোডাউনে আগুন লাগার খবর আসে। পরে আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
সর্বশেষ খবর অনুযায়ী, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য আগুন নিয়ন্ত্রণের পর জানা যাবে।