ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ রেখে পালিয়ে গেছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। একই দিনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক বন্দির মৃত্যুর ঘটনায় ঢামেক হাসপাতালের মর্গে মোট তিনটি মরদেহ রাখা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, বুধবার সকালে দুই ব্যক্তি সিএনজি অটোরিকশায় করে ওই কিশোরীকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে তাকে ট্রলিতে তুলে দিয়ে রোগীর টিকিট কাটার কথা বলে তারা সেখান থেকে চলে যান।
দীর্ঘ সময় অপেক্ষা করেও ওই দুই ব্যক্তি ফিরে না আসায় ট্রলিম্যান বিষয়টি হাসপাতালের মেডিকেল অফিসার ও কর্তব্যরত পুলিশ সদস্যদের জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় পুলিশ কিশোরীর মরদেহ জরুরি বিভাগের মর্গে নিয়ে যায়।
হাসপাতাল সূত্র আরও জানায়, কিশোরীর গলায় ও হাতে কালো তাগা পাওয়া গেছে। শরীরের কয়েকটি স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার পরিচয় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় মাসুম বিল্লাহ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি লালবাগ শাহি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়।
নিহতের ভাই মো. বকুল জানান, মাসুম বিল্লাহ লালবাগ এলাকায় থাকতেন এবং লালবাগ শাহি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। রাতে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
মাসুম বিল্লাহর বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। তার বাবার নাম আব্দুল মান্নান।
অন্যদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে আলাউদ্দিন (৩০) নামে এক বন্দিকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার সকাল ১০টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। কারা সূত্রে জানা গেছে, আলাউদ্দিনের বাবার নাম মজিদ মোল্লা এবং তার কয়েদি নম্বর ৩১/এ। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক তিনটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাসুম বিল্লাহ মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর দুটি মৃত্যুর ঘটনা ঘটে বুধবার।