১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ।
রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা রাজধানীর বিভিন্ন ফুটপাত ও স্থাপনায় থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিলেন। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা সেখানে যান।
এ সময় মিজান তাদের কাজে বাধা দেন এবং কর্মকর্তাদের ওপর চড়াও হন বলে পুলিশের অভিযোগ। একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদেরও তিনি আঘাত করেন বলে জানানো হয়েছে।
পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
যেভাবে ‘ভাইরাল মিজান’
রাজধানীর আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি ভাতের দোকান চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পান মিজানুর রহমান। তার দোকানে ১০০ টাকায় এক পিস গরুর মাংসের সঙ্গে ভাত, ডাল ও আলু খাওয়ার সুযোগ থাকায় অল্প সময়ের মধ্যেই এটি আলোচনায় আসে।
দোকানটির নাম দেওয়া হয়েছিল ‘নিজের হাতে লইয়া খাবেন, ১৪ বার নিয়ে খাবেন’। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ‘গরিবের বুফে’ নামেও পরিচিতি পায়।
দোকানে খাবার পরিবেশন ও খাওয়ার ধরন নিয়ে তৈরি বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিজানুর রহমান ‘ভাইরাল মিজান’ নামে পরিচিত হয়ে ওঠেন। এবার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তারের পর আবারও আলোচনায় এসেছেন তিনি।