ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাতজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বিভিন্ন ইউনিটে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশে বদলিকৃত কর্মকর্তাদের দ্রুত বর্তমান দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, পরিবহন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুশফিকুর রহমান তুষারকে লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগের পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার করা হয়েছে।
এ ছাড়া লজিস্টিকস বিভাগের প্রকিউরমেন্ট শাখার সহকারী পুলিশ কমিশনার শেখ সুরাইয়া উর্মিকে পিওএম-পশ্চিম বিভাগের সহকারী পুলিশ কমিশনার, লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজার রহমানকে প্রটেকশন বিভাগের বঙ্গভবন-নিরাপত্তা-১ শাখার সহকারী পুলিশ কমিশনার এবং ওয়েলফেয়ার ও ফোর্স বিভাগের নারী পুলিশের সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াছমিন তিসাকে ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পাশাপাশি সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে গুলশান বিভাগের পেট্রোল-ক্যান্টনমেন্ট শাখা এবং সহকারী পুলিশ কমিশনার মো. সাকিলুর রহমানকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
কার্যালয় আদেশে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের ৬ আগস্টের মধ্যেই বর্তমান কর্মস্থলের দায়িত্বভার বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।