দেশে ধারাবাহিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সড়ক নিরাপত্তা জোরদারে সারা দেশে ঝটিকা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন সড়ক, মহাসড়ক ও রেলপথ বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজধানীর সবুজবাগের মদিনাবাগ ওয়াসা রোডের পাগল চাঁদ হোটেল সংলগ্ন এলাকায় মুগদা থানা স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় একাধিক প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। অসতর্কতা ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে আর কোনো পরিবার যেন স্বজন হারানোর বেদনা না পায়, সে লক্ষ্যেই সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে।
তিনি জানান, দেশের মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিয়মিত ঝটিকা অভিযান পরিচালনা করা হবে। ট্রাফিক আইন লঙ্ঘন, অতিরিক্ত গতিতে যান চালানো, ফিটনেসবিহীন যানবাহন পরিচালনা এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিআরটিএসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে চালক, মালিক ও সাধারণ মানুষের সচেতনতা এবং আইন মেনে চলার আহ্বান জানান।
ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবারকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে পারলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।
বক্তব্যের শুরুতে তিনি জুলাইয়ের বীর যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনকে মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অনুষ্ঠানে উপস্থিত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলে এলাকায় মাদকের স্পট চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক, এলাকাবাসী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।