ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক রোগীরা যাতে সহজে ভিসা পান, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের সম্মেলনকক্ষে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)-এর প্রতিনিধিদলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
ইমক্যাবের সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ নির্বাহী কমিটির ১০ জন সদস্য অংশ নেন।
সাক্ষাতে ভারতীয় ভিসা পেতে আবেদনকারীদের বিভিন্ন সমস্যার বিষয়টি হাইকমিশনারের কাছে তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা। জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, অনলাইনে ভিসার আবেদন জমা দেওয়ার পর সরাসরি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার স্লট পেতে কেন দেরি হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
হাইকমিশনার বলেন, বিশেষ করে রোগীদের ভিসা প্রাপ্তি সহজ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। দুই দেশের মানুষের মধ্যে যাতায়াত বাড়লে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে বলেও মন্তব্য করেন তিনি।
সৌজন্য সাক্ষাতে হাইকমিশনার ইমক্যাবের সদস্যদের ব্যক্তিগত খোঁজখবর নেন। এ সময় প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাসুদেব ধর, কুদ্দুস আফ্রাদ, মীর আফরোজ জামান, আবু আলী, আমিনুল হক ভূইয়া, নির্মল চক্রবর্তী, জাকির হোসেন ও মনির হোসেন। ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভিকেও এ সময় উপস্থিত ছিলেন।