দুর্গাপূজার উৎসব আর সরকারি ছুটিতে অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা। একদিকে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, অন্যদিকে ফাঁকা বাসাবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দেওয়া—দুই দায়িত্ব সামলাতে ব্যস্ত সময় পার করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চুরি, ডাকাতি ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় জোরদার করা হয়েছে টহল ও নজরদারি।
বুধবার (২১ অক্টোবর) আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর অনেক বাসিন্দা গ্রামের বাড়িতে যাওয়ায় বিভিন্ন আবাসিক এলাকা তুলনামূলক ফাঁকা রয়েছে। এ পরিস্থিতিতে পূজামণ্ডপের নিরাপত্তার পাশাপাশি বাসাবাড়ি, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবহুল এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, পূজার ছুটিতে অনেক মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি হয়েছে। তবে এ ধরনের দায়িত্ব পালনে পুলিশ অভ্যস্ত। রমনা বিভাগের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, প্রতিটি থানাকে এ সময়ে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। পূজামণ্ডপে দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রমও অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ছুটিতে রাজধানীর অনেক বাসিন্দা গ্রামের বাড়িতে যাওয়ায় ফাঁকা বাসাবাড়িতে চুরি, ডাকাতি কিংবা অন্য কোনো অপরাধের আশঙ্কা এড়াতে পুলিশ কাজ করছে। এ জন্য সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।
রাজধানীর মেরাদিয়া পূজামণ্ডপে দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তা জানান, পূজার সময়ে দায়িত্বের চাপ বেড়েছে। এক দফা দায়িত্ব পালনের অল্প সময়ের মধ্যেই আবার দায়িত্বে ফিরতে হচ্ছে সদস্যদের। খিলগাঁও এলাকার বিভিন্ন অংশ ভাগ করে বিশেষ নজরদারি চালানো হচ্ছে, যাতে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।
পুলিশ সূত্রে জানা গেছে, পূজার ছুটিতে রামপুরা, খিলগাঁও, মগবাজার, মালিবাগ, মিরপুর, বাড্ডা, উত্তরা ও ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষের উপস্থিতি তুলনামূলক কম। এসব এলাকায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও নজরদারি চালানো হচ্ছে।
এদিকে, পূজামণ্ডপের নিরাপত্তা ও রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সুরক্ষিত রাখতে এসআরবির পক্ষ থেকেও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি পূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসআরবি-৩-এর মিডিয়া অফিসার মেহেদি ইমরান সিদ্দিকী।
তিনি বলেন, নিয়মিত টহলের পাশাপাশি পূজাকেন্দ্রিক বিশেষ কার্যক্রম চলছে। নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে দায়িত্ব পালন করছেন সদস্যরা।
দুর্গাপূজা ও সরকারি ছুটিকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে কাজ করছেন। পূজামণ্ডপে নির্বিঘ্নে উৎসব উদ্যাপনের পরিবেশ বজায় রাখার পাশাপাশি ফাঁকা বাসাবাড়ি ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট বাহিনীগুলো।