ঢাকের তালে পদ্মফুল নাড়ছিল ছোট্ট ইজ্জা, তাঁকেই দেবী রূপে পূজা

রাজধানী

রাজধানীর ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনে মহা অষ্টমীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কুমারীপূজা। দেবী দুর্গার প্রতিরূপ হিসেবে পূজা করা হয় ছয়

2026-10-19T18:17:33+00:00
2026-10-19T18:17:33+00:00
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
রাজধানী
ঢাকের তালে পদ্মফুল নাড়ছিল ছোট্ট ইজ্জা, তাঁকেই দেবী রূপে পূজা
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:১৭ পিএম 
ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনে আজ সোমবার মহা অষ্টমীতে অনুষ্ঠিত হয় কুমারীপূজা
রাজধানীর ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনে মহা অষ্টমীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কুমারীপূজা। দেবী দুর্গার প্রতিরূপ হিসেবে পূজা করা হয় ছয় বছর বয়সী ইজ্জা চক্রবর্তীকে। শঙ্খ, ঘণ্টা, ঢাকের বাদ্য আর ভক্তদের উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে মঠ প্রাঙ্গণ।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় মহা অষ্টমীর বিহিতপূজার মধ্য দিয়ে দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল ৯টা ৫০ মিনিটে ইজ্জাকে পূজামঞ্চে বসানো হয়। পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে চলে কুমারীপূজা। সকাল সাড়ে ১০টার দিকে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা।

কুমারীপূজা দেখতে সকাল থেকেই মঠে ভিড় করেন বিভিন্ন বয়সী ভক্ত ও দর্শনার্থী। ছোট্ট ইজ্জাকে একনজর দেখতে পূজামঞ্চের সামনে জড়ো হন অনেকে। কেউ মুঠোফোনে ছবি তোলেন, কেউ ধারণ করেন ভিডিও।

পূজার আনুষ্ঠানিকতার মধ্যেও হাসিখুশি ছিল ইজ্জা। হাতে থাকা দুটি পদ্মফুল ঢাকের তালে তালে নাড়িয়ে কখনো খেলছিল, কখনো হাসছিল। তার প্রাণোচ্ছল উপস্থিতি মুগ্ধ করে সেখানে আসা ভক্তদের।

ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ জানান, ইজ্জা চক্রবর্তী আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। শাস্ত্রীয় বিধান অনুযায়ী, ছয় বছর বয়সী কুমারীর পূজার নাম ‘উমা’।

তিনি বলেন, শুদ্ধাত্মা কুমারীর মধ্যে আদ্যাশক্তির প্রকাশ ঘটে—এমন বিশ্বাস থেকেই দুর্গাপূজায় কুমারীকে দেবীজ্ঞানে পূজা করা হয়। কুমারীপূজা দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।

কুমারীপূজার ঐতিহ্য তুলে ধরে স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেন, ১৯০১ সালে কলকাতার বেলুড় মঠে দুর্গাপূজার সময় স্বামী বিবেকানন্দ নিজে কুমারীপূজা করেছিলেন। ওই বছর নয়জন কুমারীকে পূজা করা হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, স্বামী বিবেকানন্দ ব্রাহ্মণ কন্যার পাশাপাশি অব্রাহ্মণ এমনকি অহিন্দু কন্যাকেও আদ্যাশক্তির প্রতিরূপ হিসেবে পূজা করেছিলেন।

হিন্দুধর্মীয় বিশ্বাসে, কুমারী কন্যার মধ্যে দেবী দুর্গার শক্তি ও পবিত্রতাকে কল্পনা করে তাঁকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা জানানো হয়। এই পূজার মধ্য দিয়ে নারীর মর্যাদা, মাতৃশক্তি ও মানবতার প্রতি শ্রদ্ধার বার্তাও তুলে ধরা হয়। শাস্ত্রীয় বিধান অনুযায়ী, সাধারণত এক থেকে ষোলো বছর বয়সী কন্যাকে কুমারী হিসেবে পূজা করার রীতি রয়েছে। বয়সভেদে তাঁদের শাস্ত্রীয় নামও আলাদা।

রায়েরবাজার থেকে স্ত্রী সুমতি রায় ও মেয়ে নিতু রায়কে নিয়ে কুমারীপূজা দেখতে আসেন অমিত রায়। তিনি বলেন, কুমারীপূজা শুধু ধর্মীয় আচার নয়; এটি মাতৃশক্তি, পবিত্রতা ও নারীর প্রতি শ্রদ্ধা নিবেদনের অনন্য প্রকাশ। এ আয়োজন নারীর শক্তিকে স্বীকৃতি দেওয়া এবং মানবতার প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলার বার্তা দেয়।

ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনে প্রতিবছর মহা অষ্টমীতে কুমারীপূজার আয়োজন করা হয়। পূজা শেষে মঠে শুরু হয় সন্ধিপূজার আনুষ্ঠানিকতা। দুপুরে মঠ প্রাঙ্গণের বেলতলায় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: