নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ অবরোধ শুরু হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মৌচাক এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় এক ব্যক্তি নিহত হন। এরপরই নিরাপদ পারাপারের দাবিতে ক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে।
আন্দোলনকারীদের অভিযোগ, মৌচাক এলাকায় ব্যস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের জন্য কোনো ফুটওভার ব্রিজ নেই। প্রতিদিন শত শত শিক্ষার্থী, চাকরিজীবী ও স্থানীয় বাসিন্দাকে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হয়। বেপরোয়া যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলেও দাবি তাদের।
শিক্ষার্থী জিহাদ হাসান বলেন, ‘আমরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পার হই। এখানে বেপরোয়া গাড়ি চলাচল করে। অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন। দ্রুত কার্যকর পদক্ষেপের পাশাপাশি আমরা একটি ফুটওভার ব্রিজ চাই।’
স্থানীয় চাকরিজীবী জাকির হোসেন বলেন, ব্যস্ততম এই মহাসড়কে ফুটওভার ব্রিজ অত্যন্ত জরুরি। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছেন। দ্রুত এর স্থায়ী সমাধান প্রয়োজন।
স্থানীয়দের দাবি, ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য এর আগেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। তবে এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিয়াকৈর থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর তারা সড়ক থেকে সরে যান।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, মৌচাক এলাকায় একটি ফুটওভার ব্রিজ প্রয়োজন। বিষয়টি নিয়ে দ্রুত সড়ক বিভাগের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
অবরোধের কারণে দেড় ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে আন্দোলনকারীরা সরে গেলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।