বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ‘নায়করাজ’ হিসেবে চিরস্মরণীয় আব্দুর রাজ্জাক। অভিনয় দিয়ে কয়েক দশক দর্শকের হৃদয়ে রাজত্ব করা এই কিংবদন্তি অভিনেতা নির্মাতা ও প্রযোজক হিসেবেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
২০১৭ সালের ২১ আগস্ট ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান রাজ্জাক। আজ তাঁর প্রয়াণের নয় বছর। দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ১৬টি সিনেমা পরিচালনা করেছেন তিনি।
রাজ্জাক পরিচালিত সিনেমাগুলোর মধ্যে কয়েকটি গল্প, অভিনয় ও নির্মাণের কারণে দর্শকের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। তাঁর পরিচালিত আলোচিত পাঁচ সিনেমা তুলে ধরা হলো-
১. অনন্ত প্রেম
১৯৭৭ সালে মুক্তি পাওয়া ‘অনন্ত প্রেম’ ছিল পরিচালক হিসেবে রাজ্জাকের অভিষেক। সিনেমাটিতে রাজ্জাক ও ববিতা জুটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। প্রেম ও আবেগঘন গল্পের এই সিনেমা সে সময় ব্যবসায়িকভাবেও সফল হয়।
ছবিটির শেষ দৃশ্য নিয়ে তৎকালীন সময়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। এতে অভিনয় করেন আনোয়ারা, রওশন জামিল, এ টি এম শামসুজ্জামান, ব্ল্যাক আনোয়ারসহ আরও অনেকে। সংগীত পরিচালনা করেন আজাদ রহমান।
২. অভিযান
১৯৮৪ সালে মুক্তি পায় রাজ্জাক পরিচালিত ‘অভিযান’। তিন বন্ধুর ব্যবসায়িক উদ্যোগ ও নানা ঘটনার গল্প নিয়ে নির্মিত সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক।
সিনেমাটিতে রাজ্জাকের সঙ্গে অভিনয় করেন জসিম, ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা রহমান ও রোজিনাসহ অনেকে। গল্প ও অভিনয়ের কারণে সিনেমাটি দর্শকদের মধ্যে সাড়া ফেলে।
৩. বদনাম
রাজ্জাক পরিচালিত আরেক আলোচিত সিনেমা ‘বদনাম’। ১৯৮৪ সালের ১৪ আগস্ট মুক্তি পাওয়া ছবিটিতে রাজ্জাকের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেন ববিতা, বুলবুল আহমেদ ও নূতন।
সিনেমাটি সে সময় দর্শকপ্রিয়তা অর্জন করে। ছবির ‘হয় যদি বদনাম হোক আরও’ গানটি বিশেষভাবে জনপ্রিয় হয়। এই গানের মাধ্যমে প্রয়াত অভিনেতা জাফর ইকবালের প্লেব্যাকেও অভিষেক ঘটে।
৪. চাঁপা ডাঙ্গার বউ
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘চাঁপা ডাঙ্গার বউ’ মুক্তি পায় ১৯৮৬ সালের ৬ জুন। রাজলক্ষ্মী প্রোডাকশন্সের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজনা ও পরিচালনায় ছিলেন রাজ্জাক।
এই সিনেমার মাধ্যমে রাজ্জাকের ছেলে বাপ্পারাজ এবং অভিনেত্রী অরুণা বিশ্বাসের চলচ্চিত্রে অভিষেক হয়। এতে আরও অভিনয় করেন শাবানা ও এ টি এম শামসুজ্জামান। ‘আমার মনে যারে চায়’ গানটিও দর্শক-শ্রোতাদের কাছে দীর্ঘদিন জনপ্রিয় হয়ে আছে।
৫. বাবা কেন চাকর
১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘বাবা কেন চাকর’ রাজ্জাক পরিচালিত অন্যতম জনপ্রিয় সিনেমা। পারিবারিক গল্পনির্ভর এই ছবিতে পরিচালনার পাশাপাশি নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। তাঁর বিপরীতে ছিলেন ডলি জহুর।
সিনেমাটিতে আরও অভিনয় করেন বাপ্পারাজ, অমিত হাসান ও আঞ্জুমান আরা শিল্পীসহ অনেকে। ছবির ‘আমার মতো এত সুখী নয়তো কারও জীবন’ গানটি গেয়ে খালিদ হাসান মিলু ব্যাপক জনপ্রিয়তা পান।
অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবে রাজ্জাকের এই কাজগুলোও বাংলা চলচ্চিত্রে তাঁর বহুমাত্রিক প্রতিভার পরিচয় বহন করে। তাঁর মৃত্যুর নয় বছর পরও ‘নায়করাজ’ নামটি বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে একইভাবে শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হয়ে আছে।