বলিউড সুপারস্টার সালমান খানের পরবর্তী সিনেমা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। প্রথমবার প্রযোজক দিল রাজুর সঙ্গে কাজ করতে যাওয়া সালমানের এই প্যান-ইন্ডিয়া সিনেমায় তাঁর বিপরীতে দেখা যেতে পারে দক্ষিণী তারকা নয়নতারাকে।
‘ফিল্মফেয়ার’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিনেমাটির নাম ‘মনস্টার’ চূড়ান্ত করা হয়েছে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়নি। খুব শিগগিরই সিনেমাটির নাম ও ফার্স্ট লুক প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ঈদ ২০২৭ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির। বড় পরিসরে নির্মিতব্য এই ছবিটি সালমান খান ও দিল রাজুর প্রথম যৌথ কাজ।
‘মনস্টার’-এ প্রথমবারের মতো সালমানের সঙ্গে জুটি বাঁধছেন নয়নতারা। ফলে সিনেমাটি নিয়ে বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমার দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।
সিনেমাটিতে অ্যাকশন দৃশ্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্প্রতি শুটিংয়ে সালমানের বডি ডাবল হৃদ্রোগে আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পর অ্যাকশন দৃশ্যের শুটিং আরও সতর্কতার সঙ্গে করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
একটি সূত্রের বরাত দিয়ে ‘ফিল্মফেয়ার’ জানিয়েছে, সালমান বর্তমানে সিনেমাটির কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং শুটিংয়ের গতি থামাতে চান না।
সিনেমাটির নাম ঘোষণার পাশাপাশি শিগগিরই প্রথম পোস্টার বা ফার্স্ট লুক প্রকাশ হতে পারে। তবে এ বিষয়ে এখনো নির্মাতাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সালমান খানের হাতে রয়েছে আরও একটি বড় দায়িত্ব। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর সঞ্চালক হিসেবে আবারও ফিরছেন তিনি। আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে অনুষ্ঠানটির নতুন মৌসুম শুরু হওয়ার কথা রয়েছে।
সূত্র: ফিল্মফেয়ার, এনডিটিভি