হলিউডের খ্যাতিমান নির্মাতা মাইকেল ম্যান দুর্ঘটনাবশত নিজের পিস্তলের গুলিতে আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি শুটিং রেঞ্জে গত ৩১ অক্টোবর এ ঘটনা ঘটে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তবে তাঁর আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন মুখপাত্র। চিকিৎসা শেষে তাঁকে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শনিবার বিকেল ৪টার দিকে পশ্চিম লস অ্যাঞ্জেলেসের ‘দ্য রেঞ্জ এলএ’ নামের একটি শুটিং ক্লাবে এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্যভেদের অনুশীলন শেষে পিস্তলটি হোলস্টারে রাখার সময় সেটি থেকে আকস্মিকভাবে গুলি বেরিয়ে ম্যানের পায়ে লাগে।
ঘটনার পর শুটিং রেঞ্জের কর্মীরা তাঁকে প্রাথমিক সহায়তা দেন। পরে পুলিশ ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে পাঠান। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। হাসপাতালে নেওয়ার সময় তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।
মাইকেল ম্যানের মুখপাত্র এক বিবৃতিতে জানান, পিস্তলটি হোলস্টারে রাখার সময় দুর্ঘটনাবশত গুলি বের হয়ে তিনি উপরিভাগে সামান্য আঘাত পান। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
৮৩ বছর বয়সী মাইকেল ম্যান হলিউডের অন্যতম প্রভাবশালী নির্মাতা। ‘থিফ’, ‘ম্যানহান্টার’, ‘দ্য লাস্ট অব দ্য মোহিকানস’, ‘হিট’, ‘কোলাটারাল’ ও ‘ফেরারি’র মতো চলচ্চিত্র পরিচালনা করে তিনি আন্তর্জাতিক পরিচিতি পান। আশির দশকের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘মিয়ামি ভাইস’-এর নির্বাহী প্রযোজক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। ‘দ্য ইনসাইডার’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি।
এদিকে, বর্তমানে নিজের আলোচিত ক্রাইম ড্রামা ‘হিট’-এর পরবর্তী কিস্তি ‘হিট ২’ নির্মাণের প্রস্তুতি ও কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন ম্যান। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া মূল সিনেমাটিতে অভিনয় করেছিলেন আল পাচিনো ও রবার্ট ডি নিরো। নতুন ছবিটি ম্যান ও লেখক মেগ গার্ডিনারের ২০২২ সালের যৌথ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এতে লিওনার্দো ডিক্যাপ্রিও, ক্রিশ্চিয়ান বেল ও অ্যাডাম ড্রাইভারের মতো তারকাদের যুক্ত হওয়ার কথা রয়েছে।
‘হিট ২’ মূল সিনেমার ঘটনাপ্রবাহের আগের ও পরের সময়কে তুলে ধরবে। অপরাধজগতের চরিত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত প্রথম ছবিটি দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছিল।
সূত্র: এন্টারটেইনমেন্ট উইকলি, লস অ্যাঞ্জেলেস টাইমস ও এবিসি নিউজ