তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে প্রিয় অভিনেতা-অভিনেত্রীর প্রেম, সম্পর্ক কিংবা বিয়ের খবর জানতে আগ্রহী থাকেন অনেকেই। এবার নিজের প্রেম ও বিয়ে নিয়ে ভাবনার কথা জানালেন অভিনেত্রী কেয়া পায়েল। তাঁর মতে, প্রেমের সৌন্দর্য অনেকটাই লুকিয়ে রাখার মধ্যে।
সম্প্রতি মালদ্বীপে অবকাশযাপনের সময় কেয়া পায়েলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক যুবকের সঙ্গে একটি অভিজাত রেস্তোরাঁয় বসে খাবার খেতে দেখা যায় তাঁকে। আড্ডার একপর্যায়ে ওই যুবককে যত্ন করে খাবার খাইয়েও দেন অভিনেত্রী। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয় নানা আলোচনা।
এর মধ্যে নিজের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে কেয়া লেখেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ তাঁর এই পোস্টের পর প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়। নেটিজেনদের অনেকে ধারণা করছেন, মালদ্বীপের ভিডিওতে দেখা যুবকের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। তবে এ বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেননি তিনি।
সম্প্রতি প্রেম ও বিয়ে নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে গিয়ে কেয়া পায়েল বলেন, সম্পর্ক প্রকাশ্যে আনার চেয়ে ব্যক্তিগত রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। বিয়ের সিদ্ধান্ত নিলে সেই খবর সবাইকে জানাবেন।
অভিনেত্রীর ভাষায়, ‘প্রেম জিনিসটা গোপনে সুন্দর। এটা বলে ফেললে আসলে সৌন্দর্যটা থাকে না। প্রেম ভালো লাগে গোপনে, কেউ জানল না, লুকোচুরি প্রেম। নিজেরা নিজেরা প্রেম করছি। যখন বিয়ে করব, তখন সবাই জানবে যে, হ্যাঁ, আমি বিয়ে করছি। এখন সারা জীবন শুধু ওই থাকবে লাইফে। প্রেম তো ভেঙেও যেতে পারে, বলা যায় না।’
কেয়া পায়েলের এই বক্তব্যের পর তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। তবে মালদ্বীপের ভিডিওতে থাকা যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি।