দীর্ঘ বিরতির পর আবারও ‘হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। জনপ্রিয় এই সিরিজের দর্শকপ্রিয় চরিত্র ক্যাটনিস এভারডিনের ভূমিকায় নতুন সিনেমা ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’-এ দেখা যাবে তাকে। শুধু পর্দায় প্রত্যাবর্তনই নয়, পুরোনো সহশিল্পীদের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতাও বেশ উপভোগ করেছেন অভিনেত্রী।
আগামী ২০ নভেম্বর মুক্তির কথা রয়েছে সিনেমাটির। এটি মূল সিরিজের সরাসরি পরবর্তী কাহিনি নয়; বরং একটি প্রিক্যুয়েল। মূল গল্পের ২৪ বছর আগের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ছবিতে উঠে আসবে ১৬ বছর বয়সী হেইমিচ অ্যাবারনেথির ৫০তম হাঙ্গার গেমসে অংশ নেওয়ার কাহিনি।
তরুণ হেইমিচের চরিত্রে অভিনয় করছেন জোসেফ জাডা। আর প্রেসিডেন্ট স্নোর ভূমিকায় থাকছেন র্যালফ ফাইনস।
সম্প্রতি ‘কল হার ড্যাডি’ পডকাস্টে উপস্থাপক অ্যালেক্স কুপারের সঙ্গে আলাপচারিতায় নতুন সিনেমায় কাজের অভিজ্ঞতা ও পুরোনো স্মৃতি নিয়ে কথা বলেন জেনিফার লরেন্স। সেখানে সাবেক সহশিল্পী জশ হাচারসন ও উডি হ্যারেলসনের সঙ্গে আবার দেখা হওয়ার অভিজ্ঞতাকে আবেগঘন বলে বর্ণনা করেন তিনি।
বিশেষ করে উডি হ্যারেলসনের সঙ্গে পুনর্মিলনের একটি মজার ঘটনা শোনান অভিনেত্রী। জেনিফারের ভাষ্য অনুযায়ী, কোনো আমন্ত্রণ ছাড়াই তার হোটেলকক্ষের জানালা দিয়ে ঢুকে পড়েছিলেন উডি। পুরোনো দিনের সেই দুষ্টুমিতে ফিরে গিয়ে বেশ আনন্দ পেয়েছেন তিনি।
আলাপচারিতায় ‘হাঙ্গার গেমস’ সিরিজের শুটিংয়ের নানা স্মৃতিও তুলে ধরেন জেনিফার। তার প্রত্যাবর্তন এবং পুরোনো সহশিল্পীদের সঙ্গে পুনর্মিলনের খবরে নতুন সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।