তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল সব সময়ই থাকে। বিশেষ করে প্রেম, বিয়ে কিংবা কাছের মানুষদের নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন জনপ্রিয় তারকারা। ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তীও এর ব্যতিক্রম নন। সম্প্রতি তাঁর বিয়ে নিয়ে গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি আবেগঘন ভিডিও। সেখানে নিজের জীবনের দীর্ঘদিনের সঙ্গী বুল্টির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন অভিনেত্রী।
টালিপাড়ায় গুঞ্জন, চলতি মাসে প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করতে পারেন মিমি। এরপর ডিসেম্বরে হতে পারে তাঁদের আনুষ্ঠানিক বিয়ের আয়োজন। তবে এ বিষয়ে এখনো অভিনেত্রীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বিয়ের আলোচনা ছাপিয়ে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে উঠে এসেছে মিমির জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ সম্পর্কের গল্প। সেই মানুষটি তাঁর বাড়ির গৃহকর্মী বুল্টি। দীর্ঘ ১৫ বছর ধরে মিমির পাশে রয়েছেন তিনি। সময়ের সঙ্গে তাঁদের সম্পর্ক কেবল কাজের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি; হয়ে উঠেছে পরিবারের সদস্যের মতো।
সুখ-দুঃখ, অসুস্থতা কিংবা কঠিন সময়ে বুল্টিকে পাশে পেয়েছেন মিমি। সম্প্রতি একটি অনুষ্ঠানে তাঁকে বুকে জড়িয়ে ধরে আবেগ প্রকাশ করেন অভিনেত্রী।
ভিডিওতে মিমিকে বলতে শোনা যায়, ‘১৫ বছর ধরে ও আমার সঙ্গে আছে। আমি হাসপাতালে থাকলেও ও আমার পাশে থাকে। আমার দুঃখ-কষ্ট, আমার মা-বাবার থেকে মনে হয় এই বাচ্চাটা বেশি বোঝে।’
এ সময় বুল্টির ভাইয়ের সঙ্গে ছবি তোলার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। মিমি বলেন, বুল্টির ভাই ছবি তুলতে চেয়েছেন বলেই তাঁর সঙ্গে ছবি তুলছেন। এরপর নিজের ভাইদের সঙ্গেও ছবি তোলার কথা বলেন অভিনেত্রী।
মিমির এমন আন্তরিক আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বুল্টির প্রতি তাঁর সম্মান ও ভালোবাসার বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন। তাঁদের মতে, তারকাখ্যাতির বাইরেও মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও আন্তরিকতা মিমির ব্যক্তিত্বের একটি মানবিক দিক তুলে ধরেছে।