বাংলা টেলিভিশনের পরিচিত মুখ নন্দিনী দত্ত। ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে ধীরে ধীরে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ের চেয়ে বেশি আলোচনায় এসেছেন ব্যক্তিগত সম্পর্ক ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে। বিশেষ করে ‘বিগ বস বাংলা ৩’-এ অংশ নেওয়ার পর তাঁকে ঘিরে দর্শকদের আগ্রহ বেড়েছে।
কখনো সহপ্রতিযোগীকে ঘোড়া থেকে ফেলে আহত করার অভিযোগ, কখনো রাজবীর দের সঙ্গে ঘনিষ্ঠতা ও চুম্বনের দৃশ্য—সব মিলিয়ে রিয়েলিটি শোটির আলোচিত প্রতিযোগীদের একজন নন্দিনী। গত ১ নভেম্বর তাঁকে শো থেকে বিদায় নিতে দেখা গেলেও পরে জানা যায়, সেটি ছিল বিশেষ চমক। তাঁকে পাঠানো হয়েছে সিক্রেট রুমে।
ধারাবাহিক দিয়ে অভিনয়জীবনের শুরু
কলকাতার মেয়ে নন্দিনী দত্তের পেশাদার অভিনয়জীবন শুরু ২০১৯ সালে বাংলা টেলিভিশনের মাধ্যমে। প্রথম দিকে বড় পরিচিতি না পেলেও ধারাবাহিকে নিয়মিত কাজ করে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন।
‘এখানে আকাশ নীল’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু তাঁর। পরে ‘বসন্ত বিলাস মেসবাড়ি’তে অভিনয় করেন। ২০২১ থেকে ২০২২ সালের প্রচারপর্বে ধারাবাহিকটির ১৯২টি পর্বে দেখা যায় তাঁকে। এরপর ‘রামকৃষ্ণা’ ধারাবাহিকে কৃষ্ণা চরিত্রে অভিনয় করেন।
টেলিভিশনের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন নন্দিনী। ‘বোধন’ সিরিজে অভিনয়ের পর ‘দুই শালিক’ ধারাবাহিকে ঝিলিক চরিত্রে অভিনয় করে পরিচিতি বাড়ে তাঁর। স্টার জলসার ‘তিতলি’ ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।
অভিনয় ছাড়ার কথাও ভেবেছিলেন
অভিনয়জগতে নিজের জায়গা তৈরি করতে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে নন্দিনীকে। ২০২৫ সালে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁকে দেখে অনেকের মনে হয়েছিল, তিনি নাকি ‘হিরোইন ম্যাটেরিয়াল’ নন।
ক্যারিয়ারের এক পর্যায়ে হতাশ হয়ে অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি। প্রতিদিন কান্না এবং বাবার বকাঝকার মতো অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানিয়েছিলেন নন্দিনী।
আরিয়ানের সঙ্গে প্রেম, পরে বিচ্ছেদ
নন্দিনীর ব্যক্তিগত জীবন নিয়েও আগে আলোচনা হয়েছে। ‘তিতলি’ ধারাবাহিকে কাজ করতে গিয়ে অভিনেতা আরিয়ান ভৌমিকের সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয় তাঁর। পরে দুজনের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্পর্কের এক পর্যায়ে তাঁরা একই ছাদের নিচেও বসবাস করেছেন। আরিয়ানের বাড়িতে নন্দিনীর জন্য আলাদা ক্লজেট ও মেকআপ রুমও তৈরি করা হয়েছিল বলে জানা যায়। তবে ২০২৫ সালে তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে। সম্পর্ক ভাঙার কারণ নিয়ে দুজনের কেউই বিস্তারিত কিছু জানাননি।
‘বিগ বসে’ রাজবীরের সঙ্গে ঘনিষ্ঠতা
২০২৬ সালের ৩০ আগস্ট শুরু হয় ‘বিগ বস বাংলা ৩’। দীর্ঘ ১০ বছর পর বাংলা টেলিভিশনে ফিরে আসা এই রিয়েলিটি শো সঞ্চালনা করছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
অনুষ্ঠানে অংশ নিয়ে নতুন করে আলোচনায় আসেন নন্দিনী। বিশেষ করে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী রাজবীর দে ঘরে প্রবেশের পর তাঁদের ঘনিষ্ঠতা দর্শকদের নজর কাড়ে। একসঙ্গে সময় কাটানো, খুনসুটি ও অভিমানের নানা মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। দর্শকদের একাংশ তাঁদের জুটির নাম দেন ‘রাজনন্দিনী’।
সেপ্টেম্বরের শেষ দিকে দুজনের চুম্বনের দৃশ্য প্রচারিত হলে বিতর্ক আরও বাড়ে। দর্শকদের কেউ বিষয়টিকে স্বাভাবিক প্রেমের প্রকাশ হিসেবে দেখেন, আবার কেউ রিয়েলিটি শোতে এমন ব্যক্তিগত মুহূর্ত দেখানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।
ঘোড়ার টাস্কে আহত সহপ্রতিযোগী
নন্দিনীকে ঘিরে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় ক্যাপ্টেন্সি টাস্কের একটি ঘটনাকে কেন্দ্র করে। ওই খেলায় প্রতিযোগীদের কাঠের ঘোড়ায় বসে থাকতে হয়। প্রতিপক্ষকে কৌশলে ঘোড়া থেকে নামানোর সুযোগ থাকলেও সরাসরি ধাক্কা দেওয়া বা শারীরিক আঘাত করার বিষয়ে নিষেধাজ্ঞা ছিল।
টাস্ক চলাকালে প্রথমে রাজবীরের ঘোড়া উল্টে দেন নন্দিনী। পরে সহপ্রতিযোগী সৃজলা গুহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার সময় তাঁর ঘোড়াটিও উল্টে যায়। এতে মেঝেতে পড়ে গিয়ে ব্যথায় কাঁদতে দেখা যায় সৃজলাকে। পরিস্থিতি বিবেচনায় টাস্ক বন্ধ করে তাঁকে চিকিৎসার জন্য পাঠানোর নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
ঘটনার ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নন্দিনীর সমালোচনা শুরু হয়। অনেক দর্শক তাঁকে শো থেকে বাদ দেওয়ার দাবিও জানান। তবে নন্দিনীর পক্ষ থেকে দাবি করা হয়, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না।
ধারাবাহিকের পরিচিত অভিনেত্রী থেকে রিয়েলিটি শোর আলোচিত প্রতিযোগী—নন্দিনী দত্তের সাম্প্রতিক পথচলায় এখন অভিনয়ের পাশাপাশি প্রেম ও বিতর্কও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।