
বুধবার দিবাগত মধ্যরাতে শহরের অনন্তপুর আবাসিক এলাকায় অবস্থিত কলেজের হোস্টেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হোস্টেলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
শিক্ষার্থীরা জানান, মধ্যরাতে তাফসির ও শরীফ উদ্দিনের মধ্যে সিনিয়র-জুনিয়র বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। তাদের মধ্যে আগে থেকেই অভ্যন্তরীণ বিরোধ ছিল। একপর্যায়ে দুই পক্ষের শিক্ষার্থীরা দুই গ্রুপে বিভক্ত হয়ে লোহার রড, স্টাম্পসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী তাসরিফ আহমেদ, শরীফ উদ্দিন, রায়হান রাজ, রজব সানি, ফারদিন ইফতি, সামি, রিয়াদ, আব্দুল্লাহ চৌধুরী, সামিউল আল আরিফ ও হুজাফ সৌমি প্রমুখ।
তবে আহত এক পক্ষের দাবি, এটি সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের ঘটনা নয়। শিবিরের কয়েকজন শিক্ষার্থী হামলা চালিয়ে ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীদের আহত করেছেন।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. রেজাউল করিম বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।