কুষ্টিয়ার ভেড়ামারায় ১৪ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় মো. একরাম মোল্লা (৭৪) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এইচ এম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত একরাম মোল্লা ভেড়ামারা উপজেলার গোসাইপাড়া গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে। তিনি ভুক্তভোগী কিশোরীর আপন ফুফা।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর সকালে একরাম মোল্লার বাড়িতে আশ্রয় নেওয়া ১৪ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। পরে কিশোরী বিষয়টি তার মাকে জানালে ভুক্তভোগীর মা বাদী হয়ে ভেড়ামারা থানায় একরাম মোল্লার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ৩০ নভেম্বর ভেড়ামারা থানার এসআই মো. জাহাঙ্গীর আলম একরাম মোল্লার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর সংশোধনী-২০০৩-এর ৯(১) ধারায় অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
পরে মামলার বিচারিক কার্যক্রমে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্ত দেন।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আলহাজ মো. আব্দুল মজিদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।