গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিয়ের দাবিতে সাবেক এক ইউপি সদস্যের বাড়িতে অবস্থান নেওয়া এক বিধবা নারী মারধরের পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। তাকে আটকে রাখা হয়েছে, এমন অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য ফটিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন ওই নারী। সেখানে প্রায় ২৪ ঘণ্টা অবস্থানের পর রাতে তাকে মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এরপর থেকেই ওই নারীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ নারীর পরিবারের অভিযোগ, বিয়ের দাবি থেকে তাকে সরিয়ে দিতে ফটিক মেম্বার ও তার পরিবারের সদস্যরা ওই নারীকে শারীরিকভাবে নির্যাতন করেন। পরে তাকে অজ্ঞাত কোনো স্থানে নিয়ে আটকে রাখা হয়েছে বলে তাদের আশঙ্কা। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
এদিকে খবর পেয়ে সাঘাটা থানার এক উপপরিদর্শক (এসআই) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক তদন্তে ওই নারীকে মারধরের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।
এসআই জানান, মারধরের ঘটনার পর থেকেই ওই নারী নিখোঁজ রয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে ওই নারী বর্তমানে কোথায় রয়েছেন বা তাকে কেউ আটকে রেখেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।