অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে শহরে বিক্ষোভ মিছিল শুরুর প্রস্তুতিকালে তাদের আটক করা হয় বলে জানা গেছে।
আটক অন্য দুজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মীরজা সুমন ও রকি।
আয়োজকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি এবং দীর্ঘদিনের গ্যাস সংকটে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এসব সমস্যা সমাধানের দাবিতে সর্বস্তরের ছাত্র-জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
তবে মিছিল শুরু হওয়ার আগেই তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। আটক তিনজনের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।