বগুড়ার নন্দীগ্রামে চিকিৎসাসেবার নামে অনিয়ম ও বিভিন্ন অপরাধের অভিযোগে ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক, সেবা হসপিটালসহ ছয় প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নন্দীগ্রাম পৌর শহরের বাসস্ট্যান্ড ও পুরাতন বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অভিযানে থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানসংশ্লিষ্টরা জানান, বিভিন্ন ক্লিনিক ও প্রতিষ্ঠানে নিয়মিত ডিউটি চিকিৎসক না থাকা, অস্ত্রোপচার ও ডেলিভারি কক্ষে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকা, হালনাগাদ লাইসেন্স না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা অনিয়ম পাওয়া যায়। এসব অভিযোগে চারটি ক্লিনিক ও দুই ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকের পরিচালক দিনা পারভীনকে ১০ হাজার টাকা, সেবা হসপিটালের নুসরাত জাহানকে ৩০ হাজার টাকা, নন্দীগ্রাম ইসলামিয়া হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারের মঞ্জুরুল ইসলামকে ৫ হাজার টাকা এবং হেলথ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আল মাসুদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া লাইসেন্স ছাড়া চিকিৎসাসেবা দেওয়া, স্যালাইন ও ইনজেকশন দেওয়া, স্টোমাক ওয়াশ ও ড্রেসিংসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগে দুটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। নন্দীগ্রাম হিন্দুপাড়ার আব্দুল কাদেরকে ২০ হাজার টাকা এবং ওমরপুর এলাকার আব্দুর রশিদকে ৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে চিকিৎসাসেবার মান, প্রতিষ্ঠানের লাইসেন্স, প্রয়োজনীয় সরঞ্জাম ও পরিবেশগত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় পরিদর্শন করা হয়। সংশ্লিষ্টরা জানান, রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বগুড়ার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চিকিৎসক, নার্স, সহায়ক কর্মী, টেকনিশিয়ান ও অন্যান্য জনবলের ঘাটতি রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে কিছু বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার প্রয়োজনীয় চিকিৎসক, যন্ত্রপাতি ও বর্জ্য ব্যবস্থাপনার পর্যাপ্ত ব্যবস্থা ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে।