নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি পিকআপভ্যান। এ সময় বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা এক নারীসহ চারজন ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।