পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সি ভবনের একাধিক শ্রেণিকক্ষের জানালার কাচ ভেঙে যাওয়ার দেড় বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সেগুলো মেরামত করা হয়নি। এতে সড়কের ধুলাবালি ও যানবাহনের শব্দ সরাসরি শ্রেণিকক্ষে ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা গেছে, ২০২৪ সালের ২৫ নভেম্বর কবি নজরুল সরকারি কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় সি ভবনের বিভিন্ন বিভাগের জানালার কাচ ভেঙে যায়। ঘটনার পর দেড় বছরের বেশি সময় পার হলেও এখনো সেগুলো সংস্কার করা হয়নি।
সরেজমিনে দেখা যায়, সি ভবনের সড়কসংলগ্ন অংশের বাংলা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রায় প্রতিটি জানালার কাচ ভাঙা। এ ছাড়া অন্যান্য কয়েকটি বিভাগেরও কিছু জানালা ভাঙা অবস্থায় রয়েছে।
ভাঙা জানালা দিয়ে প্রতিনিয়ত যানবাহনের শব্দ ও ধুলাবালি শ্রেণিকক্ষে প্রবেশ করছে। বিশেষ করে ক্লাস ও পরীক্ষার সময় অতিরিক্ত শব্দে শিক্ষার্থীদের মনোযোগ ব্যাহত হচ্ছে। পাশাপাশি বেঞ্চ ও শ্রেণিকক্ষের ভেতরে ধুলাবালি জমে থাকায় পরিচ্ছন্নতা নিয়েও তৈরি হয়েছে সমস্যা।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ফাহাদ পান্থ বলেন, সংঘর্ষের সময় জানালার কাচগুলো ভেঙে যায়। এতদিন পার হলেও সেগুলো মেরামত করা হয়নি। ফলে ক্লাসের সময় বাইরে থেকে প্রচুর শব্দ আসে এবং ধুলাবালিও শ্রেণিকক্ষে ঢোকে। এতে পড়াশোনায় সমস্যা হচ্ছে।
বাংলা বিভাগের শিক্ষার্থী রিজওয়ান ইসলাম বলেন, পুরান ঢাকায় এমনিতেই শব্দদূষণ বেশি। এর মধ্যে শ্রেণিকক্ষের জানালার কাচ ভাঙা থাকায় বাইরের শব্দ সরাসরি ভেতরে আসে। পরীক্ষার সময়ও মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। নিয়মিত শ্রেণিকক্ষে ধুলাবালি জমে থাকায় বসার পরিবেশও নষ্ট হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক কর্মচারী বলেন, জানালার কাচ না থাকায় শ্রেণিকক্ষে প্রতিদিনই ধুলাবালি ঢুকছে। ফলে পরিচ্ছন্নতাকর্মীদের নিয়মিত বেঞ্চ ও শ্রেণিকক্ষ পরিষ্কার করতে হচ্ছে।
এ বিষয়ে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বলেন, বিষয়টি অধ্যক্ষকে জানানো হয়েছে কি না, এ বিষয়ে তিনি জানতে চান। শিক্ষার্থীরা একাধিকবার অধ্যক্ষকে বিষয়টি জানিয়েছেন জানানো হলে তিনি বলেন, অধ্যক্ষের সঙ্গে কথা বলে দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।
কবি নজরুল সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ চলছে। জানালার কাচ মেরামতের জন্য বরাদ্দ চেয়ে ডিজি অফিসে আবেদন করা হয়েছে। আশা করছি, খুব দ্রুত সমস্যাটির সমাধান হবে।