এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে সমালোচনার জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না।’
সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
এক সাংবাদিক এবারের ফলাফল খারাপ হয়েছে কি না জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি খারাপ রেজাল্ট বলছেন কেন, রেজাল্ট তো সুন্দর হয়েছে।’
পুনর্নিরীক্ষণে খাতা সম্পূর্ণ দেখা হবে
ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের পুনর্নিরীক্ষণের আবেদন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, যারা খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে, তাদের খাতা সম্পূর্ণভাবে পরীক্ষা করা হবে।
তিনি বলেন, পরীক্ষায় ভালো ফলের প্রত্যাশা থাকলেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারে না। খাতা পরিদর্শনসংক্রান্ত পুরোনো ব্যবস্থার পরিবর্তন করা হয়েছে বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। কোথাও কোনো ভুলত্রুটি হয়ে থাকলে, সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এবার পাসের হার ৬২.২৫ শতাংশ
সোমবার সকালে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চলতি বছর এ পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ।
এবার মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।