এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলে আশানুরূপ নম্বর না পেলে শিক্ষার্থীদের জন্য খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ রয়েছে। আগামী মঙ্গলবার (১১ আগস্ট) থেকে অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলে সন্তুষ্ট না হলে মঙ্গলবার (১১ আগস্ট) থেকে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। শিক্ষা বোর্ড জানিয়েছে, এবার আবেদন করতে হবে অনলাইনে। হাতে হাতে বা ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন করতে নির্ধারিত পুনর্নিরীক্ষণ পোর্টালে গিয়ে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে আবেদন করতে হবে।
আবেদনের সময় একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলে ওই নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
প্রতিটি পত্রে ফি ১৫০ টাকা
পুনর্নিরীক্ষণের আবেদন করার সময় স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে আবেদন করতে চাইলে সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে যেতে হবে।
প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।
ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে। ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।
পরে নতুন বিষয় যুক্ত করা যাবে
একবার ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পর আরও কোনো বিষয়ে পুনর্নিরীক্ষণের প্রয়োজন হলে একই প্রক্রিয়ায় নতুন বিষয় যুক্ত করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাদ দেওয়ার সুযোগ রয়েছে। এ জন্য ‘মুছে ফেলুন’ অপশনে গিয়ে যেসব বিষয়ের ফি এখনো দেওয়া হয়নি, সেগুলোর আবেদন প্রত্যাহার করে নতুন বিষয় নির্বাচন করা যাবে।
তবে একবার কোনো বিষয়ের ফি পরিশোধ হয়ে গেলে সেই বিষয় বাতিল করা যাবে না। পরিশোধ করা ফিও কোনো অবস্থায় ফেরত দেওয়া হবে না।
শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, এবার খাতা পুনর্নিরীক্ষণের কোনো আবেদন হাতে হাতে বা ম্যানুয়ালি গ্রহণ করা হবে না।