সেন্ট্রাল ইউনিভার্সিটি নয়, ঢাবির অধীনেই পরীক্ষা চান তিতুমীরের শিক্ষার্থীরা

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে নয়, দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই পরীক্ষা সম্পন্ন ও সনদ দেওয়ার দাবি জানিয়েছেন সরকারি তিতুমীর

2026-08-11T17:19:18+00:00
2026-08-11T17:19:18+00:00
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিক্ষা
সেন্ট্রাল ইউনিভার্সিটি নয়, ঢাবির অধীনেই পরীক্ষা চান তিতুমীরের শিক্ষার্থীরা
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:১৯ পিএম 
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষাক্রমের ধারাবাহিকতা, পরীক্ষা ও সনদসংক্রান্ত বিষয়সহ নানা সংকটের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে মহাখালীর সরকারি তিতুমীর কলেজে/ সংগৃহীত ছবি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে নয়, দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই পরীক্ষা সম্পন্ন ও সনদ দেওয়ার দাবি জানিয়েছেন সরকারি তিতুমীর কলেজের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ দাবি জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, সদ্য গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে তাঁদের পরীক্ষা ও সনদ দেওয়ার প্রক্রিয়া শুরু হলে শিক্ষাজীবন আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সাত কলেজের বর্তমান কাঠামোতে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তাঁদের সম্মান শেষ করার দাবি জানিয়েছেন তাঁরা।

শিক্ষার্থীরা জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষাক্রম, পরীক্ষা ও সনদসংক্রান্ত বিষয় নিয়ে এখনো নানা অনিশ্চয়তা রয়েছে। এ অবস্থায় নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে গিয়ে তাঁরা নতুন করে সেশনজট ও প্রশাসনিক জটিলতার মুখে পড়তে চান না।

সংবাদ সম্মেলনে সরকারি তিতুমীর কলেজের সমাজকর্ম বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুরাদ মুস্তাকিন বলেন, শিক্ষার্থীদের মতামতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তাঁরা তা মেনে নেবেন না। প্রয়োজনে সম্মিলিতভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, শিক্ষার্থীদের মতামত জানতে গণস্বাক্ষর কর্মসূচি ও অনলাইন ভোটের আয়োজন করা হয়েছে। এতে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকেই তাঁদের সম্মান শেষ করার পক্ষে মত দিয়েছেন।

শিক্ষার্থীরা আরও বলেন, ২০১৭ সালে প্রস্তুতি ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর শিক্ষার্থীদের সেশনজটসহ নানা সংকটের মুখোমুখি হতে হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দীর্ঘদিনের প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়ের কাঠামো ও প্রশাসনিক সক্ষমতা থাকার পরও যেখানে এমন সমস্যা হয়েছে, সেখানে সদ্য প্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে অদিতি পাল বলেন, নতুন বিশ্ববিদ্যালয়ের সনদ নিয়ে ভবিষ্যতে তাঁরা কী ধরনের সুযোগ পাবেন, সে বিষয়ে এখনো স্পষ্ট নিশ্চয়তা নেই। চার বছরের পড়াশোনা ও পরিশ্রমের ভবিষ্যৎ নিয়ে তাঁরা উদ্বিগ্ন।

এর আগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সহ-উপাচার্য সালমা বেগমের সঙ্গে মতবিনিময় সভায়ও শিক্ষার্থীরা তাঁদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দ্রুত তাঁদের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই সম্পন্ন করা, সেশনজট এড়ানো এবং বিদ্যমান শিক্ষাব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানান।

উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজ—এই সাতটি কলেজকে ঘিরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: