কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
সোমবার (১০ আগস্ট) গভীর রাতে স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়। একইসঙ্গে জুলাইয়ের গণঅভ্যুত্থানকে প্রত্যাখ্যান করে তাকে বিভিন্ন রাজনৈতিক স্লোগান ও বক্তব্য দিতে দেখা যায় বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ কর্মকর্তারা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমাস হোসেন ঘটনাটিকে পরিকল্পিত বলে দাবি করেছেন। তিনি বলেন, এমন ঘটনা ঘটতে পারে, এমন তথ্য তারা আগেই পেয়েছিলেন এবং বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিল।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত অগ্নিসংযোগের ঘটনায় কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।