চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলায় বাস ও হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে একটি বাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুটিই সড়কের ওপর ছিটকে পড়ে। সংঘর্ষে বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেয় সংশ্লিষ্টরা।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, নিহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।