মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে সম্মান প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মিষ্টি খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। সেই প্রতিশ্রুতি রক্ষা করে অবশেষে শিক্ষার্থীদের মিষ্টি খাওয়ালেন তিনি।
মন্ত্রীর দেওয়া মিষ্টি দিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজে আয়োজন করা হয় মিষ্টি উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ আয়োজনকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মইনুল ইসলাম। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ মাহফিল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক রাশীদ মাইমুনুল ইসলাম অন্তু, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে মইনুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবান ও শিল্পোদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।’
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মিষ্টি উৎসব। মন্ত্রীর দেওয়া মিষ্টি পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও সম্প্রীতির পরিবেশ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।