প্রবল বৃষ্টির পর নদীতে হঠাৎ নেমে আসে কাদা ও পাথর মেশানো পানির ঢল। মুহূর্তেই ভয়ংকর রূপ নেয় স্রোত। চোখের সামনে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেই প্রবল স্রোতে উপড়ে গিয়ে ভেসে যায় একটি ধাতব সেতু। ভয়াবহ এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখন্ডের চামোলি জেলার নীতি উপত্যকায়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ভারী বৃষ্টির পর নদীর পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকে। পাহাড়ি ঢলের সঙ্গে নদীতে নেমে আসছিল বিপুল পরিমাণ কাদা ও পাথর মেশানো ঘোলা পানি।
একপর্যায়ে প্রচণ্ড গতিতে ছুটে আসা পানির স্রোত আছড়ে পড়ে নদীর ওপর থাকা ধাতব সেতুটিতে। পানির তীব্র চাপ সামলাতে না পেরে কয়েক সেকেন্ডের মধ্যেই সেতুটি উপড়ে যায়। পরে স্রোতের টানে সেটি নদীর পাড়ের দিকে ভেসে যেতে দেখা যায়।
সেতুটি ভেসে যাওয়ার সময় পাশের সড়ক দিয়ে একটি ট্রাক ও একটি এসইউভি যাচ্ছিল। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে গাড়ি দুটির চালক দ্রুত দিক পরিবর্তন করেন। সামান্য দেরি হলে গাড়িগুলোও পানির তোড়ে ভেসে যেতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে।
সেতুটি ধ্বংস হয়ে যাওয়ায় ওই এলাকার সঙ্গে মূল শহরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই এলাকায় যাতায়াত না করার জন্য মানুষকে সতর্ক করেছে।
এ ছাড়া পর্যটক ও সাধারণ মানুষকে আপাতত ওই এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ভয়াবহ স্রোতে সেতু ভেসে যাওয়ার দৃশ্যটি ক্যামেরায় ধারণ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অনেকেই পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সময় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি নিয়ে সতর্কতা প্রকাশ করছেন।
সূত্র: এনডিটিভি